আমুদরিয়া নিউজ: অবৈধ গ্রেফতার ও পুনরায় গ্রেফতার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২১ সেপ্টেম্বরের রায়ে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি অতুল এস. চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গ্রেফতারের কারণ লিখিতভাবে না জানিয়ে কাউকে গ্রেফতার করা হলে তা সংবিধানের অনুচ্ছেদ ২২(১)-এর সুরক্ষা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে গ্রেফতার বেআইনি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিতে হবে।
শীর্ষ আদালত আরও জানিয়েছে, এইভাবে মুক্তি পাওয়ার পর তদন্তকারী সংস্থা নিজেদের সিদ্ধান্তে ওই ব্যক্তিকে ফের গ্রেফতার করতে পারবে না। পুনরায় হেফাজতে নেওয়ার প্রয়োজন হলে প্রথমে অভিযুক্তকে লিখিতভাবে গ্রেফতারের কারণ জানাতে হবে। এরপর কেন আগেরবার সেই কারণ জানানো হয়নি এবং কেন ফের হেফাজত প্রয়োজন—তা উল্লেখ করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। সেই আবেদনে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের অনুমোদনও থাকতে হবে।
ম্যাজিস্ট্রেট বিষয়টি খতিয়ে দেখে সন্তুষ্ট হলেই পুনরায় গ্রেফতারের অনুমতি দিতে পারবেন। একই সঙ্গে প্রথমবার সাংবিধানিক নিয়ম লঙ্ঘনের ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বক্তব্য, ব্যক্তিস্বাধীনতার ক্ষেত্রে সংবিধানের সুরক্ষাগুলিকে শুধুমাত্র আনুষ্ঠানিক নিয়ম হিসেবে দেখা যাবে না বলে জানিয়েছে।