আমুদরিয়া নিউজ: প্রায় তিন দশক ধরে চলা নোয়ডার একটি আবাসন-বিতর্ক মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। ইলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস সুধীর কুমার সাক্সেনাকে এক সদস্যের স্বাধীন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি নোয়ডার সংশ্লিষ্ট আবাসন সমিতির প্রকৃত সদস্য ও পরবর্তী ক্রেতাদের দাবি যাচাই করে কারা ফ্ল্যাট পাওয়ার যোগ্য, তা চূড়ান্ত করবে।
বিতর্কটির সূত্রপাত ১৯৯০-এর দশকে। ২০২২ সালে সুপ্রিম কোর্ট নোয়ডা কর্তৃপক্ষকে চিহ্নিত ৮৪৪ জন সদস্যকে বহুতল ফ্ল্যাট দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং পরবর্তী ১৩৩ জন ক্রেতার দাবিও পরীক্ষা করতে বলেছিল। কিন্তু সদস্যসংখ্যা ও যোগ্যতা নিয়ে পরবর্তী সময়ে মতবিরোধ তৈরি হওয়ায় সেই নির্দেশ পুরোপুরি কার্যকর করা যায়নি।
এবার নতুন কমিটিকে প্রয়োজনীয় নথি চাওয়া, সংশ্লিষ্ট দাবিদারদের বক্তব্য শোনা এবং যাচাইয়ের নিজস্ব পদ্ধতি ঠিক করার ক্ষমতা দিয়েছে আদালত। আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। মামলাটির পরবর্তী শুনানি হবে ২ ডিসেম্বর।