আমুদরিয়া নিউজ: ভাবুন তো, ঘড়িতে দুপুর ১২টা, অথচ আকাশে সূর্যের দেখা নেই! এক-দু’দিন নয়, টানা প্রায় চার মাস এমনই থাকে পরিস্থিতি। অবাক লাগলেও পৃথিবীতেই রয়েছে এমন এক জনপদ। নাম লংইয়ারবিয়েন (Longyearbyen)। নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত এই বসতিতে অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সূর্য দিগন্তের উপরে ওঠে না। ২০২৬-২৭ সালের হিসাবে, প্রায় ১১২ দিন সূর্যোদয় দেখা যাবে না।
কেন এমন হয়?
পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণে শীতকালে উত্তর মেরু সূর্যের বিপরীত দিকে থাকে। ফলে এই অঞ্চলে সূর্য ওঠে না। এই ঘটনাকে বলা হয় ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি।
অন্ধকারের পরেই আলোর খেলা!
সূর্য না উঠলেও থেমে থাকে না এখানকার জীবন। কৃত্রিম আলোর সাহায্যে চলে দৈনন্দিন কাজকর্ম। শীতকালে আকাশে দেখা মেলে রঙিন নর্দার্ন লাইটসের। আবার গ্রীষ্মে এপ্রিলের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্য অস্তই যায় না! রাতেও আকাশে আলো ছড়ায় সূর্য। এই ঘটনাকে বলা হয় ‘মিডনাইট সান’।
শুধু লংইয়ারবিয়েন নয়, নরওয়ের ট্রমসো, আমেরিকার উৎকিয়াগভিক এবং রাশিয়ার মুরমানস্কেও দেখা যায় এমন দীর্ঘ মেরুরাত্রি। প্রকৃতির এই অদ্ভুত নিয়ম সত্যিই অবাক করার মতো!