আমুদরিয়া নিউজ: বাঙালির প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবার পা দিতে চলেছে ৫০তম বর্ষে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বিশেষ এই বর্ষের কেন্দ্রীয় থিম হিসেবে রাখা হচ্ছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদ এবং ভারতের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়কে এবারের বইমেলায় বিশেষভাবে তুলে ধরা হবে। থিম কান্ট্রি হিসেবে প্রাথমিকভাবে ইজরায়েলের নাম ভাবা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি বইপ্রেমীদের জন্য এবার স্টল বণ্টন ব্যবস্থাতেও আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে, ৫০তম বর্ষকে স্মরণীয় করে তুলতে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলার।