শীতের রাতে রান্নার ঝামেলা কমাবে স্বাস্থ্যকর স্যুপ

আমুদরিয়া নিউজ: সামনেই শীত। এই সময় রাতে রান্না করতে অনেকেরই আলসেমি লাগে। আবার প্রতিদিন অফিস করে বাড়ি ফিরে রাতের খাবার তৈরি করাও বেশ ঝক্কির কাজ। তাই বিকল্প হিসেবে ঝটপট বানিয়ে নিতে পারেন কয়েক রকমের সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ। অল্প সময়েই তৈরি এই স্যুপগুলি পেট ভরানোর পাশাপাশি শীতের রাতে এনে দেবে উষ্ণতার ছোঁয়া।

১. চিকেন স্যুপ

এই স্যুপ তৈরি করতে লাগবে চিকেন, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গাজর, লঙ্কা এবং পছন্দমতো অন্যান্য সবজি। প্রথমে একটি পাত্রে সামান্য মাখন বা তেল গরম করে তাতে কুচিয়ে রাখা রসুন দিন। রসুন হালকা ভাজা হয়ে এলে চিকেন ও কাটা সবজিগুলি দিয়ে দিন। স্বাদমতো নুন মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর গরম জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হতে দিন। চিকেন ও সবজি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

২. মাসরুম স্যুপ

মাশরুম কুচিয়ে নিন। পাত্রে সামান্য মাখন বা তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে মাশরুম দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর সবজির স্টক বা জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। মসৃণ স্যুপের জন্য মিশ্রণটি ব্লেন্ড করে তাতে সামান্য নুন ও গোলমরিচ মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

৩. গাজরের স্যুপ

গাজরের মিষ্টি স্বাদ ও আদার ঝাঁজে তৈরি করতে পারেন গাজর-আদার স্যুপ। প্রথমে সামান্য তেলে পেঁয়াজ ও আদা ভেজে গাজরের টুকরো ও সবজির স্টক দিয়ে সেদ্ধ করুন। গাজর নরম হয়ে এলে মিশ্রণটি ব্লেন্ড করে নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। পরিবেশনের আগে সামান্য লেবুর রস যোগ করুন।

৪. ডালের স্যুপ

হালকা অথচ পেটভরা খাবার হিসেবে তৈরি করতে পারেন ডালের স্যুপ। মসুর বা মুগ ডালের সঙ্গে টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদ ও জল দিয়ে সেদ্ধ করুন। ডাল নরম হলে নুন, জিরা ও গোলমরিচ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। শেষে ধনেপাতা ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন আটার রুটি।

ব্যস্ত দিনে রাতের খাবারে এই চার ধরনের স্যুপের যেকোনও একটি বেছে নিতে পারেন। তবে পুষ্টির ভারসাম্য বজায় রাখতে স্যুপের সঙ্গে রুটি, ভাত বা অন্য খাবারও রাখুন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *