আমুদরিয়া নিউজ: ভোটের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিংসা, ভাঙচুর ও প্রাণহানির অভিযোগ সামনে আসতেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, CAPF-র শীর্ষকর্তা, জেলাশাসক ও পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন—হিংসায় উস্কানিদাতা ও ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সংবেদনশীল এলাকায় টানা পেট্রোলিং চালাতে হবে। কমিশনের তরফে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে জানানো হয়েছে, গণনার পরবর্তী সময়েও শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান দায়িত্ব। ইতিমধ্যেই একাধিক জেলায় সংঘর্ষে মৃত্যু ও দফায় দফায় হামলার ঘটনার পর এই কঠোর নির্দেশ জারি হয়েছে বলে জানা গিয়েছে।