আমুদরিয়া নিউজ: দিল্লির দয়াল সিং কলেজের সামনে থেকে দিনের আলোয় ১০ জন ছাত্র ও সমাজকর্মীকে বেআইনিভাবে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের বিরুদ্ধে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত ১২ থেকে ১৪ মার্চের মধ্যে কোনো ওয়ারেন্ট বা আইনি নথি ছাড়াই তাদের আটক করা হয়। ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হাজির না করে গোপন হেফাজতে রেখে তাদের ওপর চরম কাস্টডিয়াল টর্চার চালানো হয়েছে।ঘটনার সূত্রপাত ১২ মার্চ দুপুরে, যখন দয়াল সিং কলেজের গেটের সামনে থেকে এক নারী ছাত্রনেত্রীকে জোরপূর্বক ভিআইপি আলো লাগানো একটি সাদা গাড়িতে তুলে নেওয়া হয়। একই সময়ে ও তার পরবর্তী দুদিনে আরও ৯ জন কর্মী ও ছাত্রকে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (PUCL) এবং ক্যাম্পেইন অ্যাগেনস্ট স্টেট রিপ্রেশন (CASR) জানায়, আটককৃতদের নিউ ফ্রেন্ডস কলোনি থানায় রেখে নগ্ন করে মারধর, ইলেকট্রিক শক এবং অমানবিক যৌন হেনস্থা করা হয়েছে। এই ঘটনাকে ভারতের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার ওপর এক বড় আঘাত হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।