আমুদরিয়া নিউজ: পুজোর মরশুমের আগে পশ্চিমবঙ্গে ফের বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় দ্বিতীয় দফার সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। গত সাত দিনেই রাজ্যে নতুন করে ৫০০-র বেশি আক্রান্তের সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৭০। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪০২ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩৪৬ জন। সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, জ্বর নিয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের তথ্য এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট নিয়মিত স্বাস্থ্য দফতরে পাঠাতে হবে। গুরুতর ডেঙ্গি আক্রান্তদের তথ্য প্রতিদিন অনলাইন পোর্টালে নথিভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ পর্যবেক্ষক দল গঠন করে আক্রান্ত এলাকা ও হাসপাতালের পরিস্থিতির উপর নজর রাখা হবে।
এছাড়াও ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত প্লেটলেট মজুত রাখা, মশা নিধন অভিযান জোরদার করা এবং হাসপাতাল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলিকেও ডেঙ্গি পরীক্ষার তথ্য নিয়মিত স্বাস্থ্য দফতরকে জানাতে বলা হয়েছে। বিশেষ এই নজরদারি ও প্রতিরোধ কর্মসূচি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।পুজোর আগে ডেঙ্গির বাড়বাড়ন্ত ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও বাড়ি ও আশপাশে জমা জল পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে।