আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতর রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সময়সীমার মধ্যে রিপোর্ট না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সরকারের মূল লক্ষ্য ছাত্র সংসদের তহবিল ব্যবহারে স্বচ্ছতা আনা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই। তাই নিয়ম অনুযায়ী ছাত্র ইউনিয়ন না থাকলে শিক্ষার্থীদের কাছ থেকে ‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া যায় না।
এছাড়াও, এতদিন ছাত্র ইউনিয়ন ফি বাবদ কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ কোন খাতে ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব ও রিপোর্ট চেয়েছে উচ্চশিক্ষা দফতর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ফান্ডে সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি রোধ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।