আমুদরিয়া নিউজ: দশম শ্রেণির পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়াদের তিনটি ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলাশিক্ষা, শারীরশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা-সহ মোট ন’টি বিষয় পড়তে হবে। বাদ পড়ছে পরিবেশবিদ্যা। পাশাপাশি, ৫৭টি বিষয়ের তালিকা থেকে একটি ঐচ্ছিক বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে।
বোর্ডের মূল পরীক্ষায় দুটি ভাষা, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে বসতে হবে পড়ুয়াদের। অন্যদিকে, কলাশিক্ষা ও শারীরশিক্ষার মূল্যায়ন হবে স্কুলের অভ্যন্তরীণ পদ্ধতিতে। পাশ করতে বোর্ড পরীক্ষা ও অভ্যন্তরীণ মূল্যায়ন মিলিয়ে প্রতিটি বাধ্যতামূলক বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।