আমুদরিয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অগ্ন্যাশয়ের বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের (Pancreatic Cancer) চিকিৎসার জন্য একটি যুগান্তকারী ওষুধের অনুমোদন দিয়েছে, যা ক্লিনিক্যাল ট্রায়ালে রোগীদের বেঁচে থাকার সময়কাল প্রায় দ্বিগুণ করে দিয়েছে। ‘রেভোলিউশন মেডিসিন্স’ কোম্পানির তৈরি ‘ড্যারাক্সনরাসিভ’ (Daraxonrasib) নামের এই ওষুধটি বাজারে ‘রাসোনক’ (Rasonque) ব্র্যান্ড নামে বিক্রি হবে।
বিশ্বের অন্যতম মারাত্মক এই ক্যান্সারের চিকিৎসায় এটিকে একটি বড় ধরণের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।৫০০ জন রোগীর ওপর করা শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এই দৈনিক সেবনযোগ্য বড়িটি নেওয়া রোগীদের গড় বেঁচে থাকার সময় ছিল ১৩.২ মাস, যেখানে সাধারণ কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে তা ছিল মাত্র ৬.৬ মাস। এই ওষুধটি মূলত প্যানক্রিয়াটিক টিউমারের ৯০%-এরও বেশি অংশে থাকা মিউটেটেড ‘KRAS’ জিনকে লক করে ক্যান্সারের বিস্তার রোধ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৭,০০০ মানুষ অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়ায় আক্রান্তদের অর্ধেকেরও বেশি মানুষ মাত্র ৩ মাসের মধ্যে মারা যান। এফডিএ জানিয়েছে, এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ কেমোথেরাপির চেয়ে অনেক কম।