আমুদরিয়া নিউজ: একদিকে বাড়ছে মোবাইলের চাহিদা, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বই পড়ার আগ্রহও। সেই ছবিই আরও একবার স্পষ্ট হল আন্তর্জাতিক বইমেলার খবর এবং নতুন বই প্রকাশের উদ্যোগে।
সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা ৪৫তম শারজাহ আন্তর্জাতিক বইমেলা (SIBF 2026)। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। এবারের থিম ‘Made of Stories’। এই মেলা থেকেই ভারতের জন্য এসেছে সুখবর। বিশিষ্ট লেখিকা ও সাংবাদিক ড. নির্মলা লক্ষ্মণ তাঁর নন-ফিকশন বই The Tamils: A Portrait of a Community-এর জন্য জিতেছেন ‘শারজাহ বেস্ট ইন্টারন্যাশনাল নন-ফিকশন বুক অ্যাওয়ার্ড’।
অন্যদিকে, আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মুম্বই বুক ফেস্টিভ্যাল ২০২৬। মুম্বই বিশ্ববিদ্যালয়ের কালিনা ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলায় ৫০০-র বেশি দেশি-বিদেশি প্রকাশনা সংস্থা অংশ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পশ্চিমবঙ্গেও নতুন পাঠ্যবই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য সংশোধিত পাঠ্যক্রমের বই প্রকাশের প্রস্তুতি চলছে। নতুন পাঠ্যক্রমে কী কী বিষয় যুক্ত হবে এবং কোন কোন নতুন বই আনা হবে, তা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের সিলেবাস কমিটির বৈঠক হয়েছে।