আমুদরিয়া নিউজ: মাদক পাচার ও নেশার বিরুদ্ধে লড়াইকে জোরদার করার বার্তা দিল কেন্দ্র। দিল্লিতে অনুষ্ঠিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের Anti-Narcotics Task Force (ANTF)-এর তৃতীয় জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ২০২৯ সালের মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যগুলিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দু’দিনের এই সম্মেলনে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF প্রধানরা অংশ নেন। সম্মেলনের মূল বিষয় ছিল—‘একজোট সংকল্প, যৌথ দায়বদ্ধতা’। মাদক পাচারের নেটওয়ার্ক চিহ্নিত করা, সরবরাহ কমানো, তদন্ত ও আর্থিক ব্যবস্থার মাধ্যমে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মামলার দ্রুত নিষ্পত্তির মতো বিষয় নিয়ে আলোচনা হয়।
অমিত শাহ বলেন, এবার শুধু মাদক উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাচারের গোটা নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দিকে নজর দিতে হবে। জেলা স্তরকে মাদকবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও উঠে এসেছে।
সম্মেলন থেকে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে চারটি টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করা হয়। পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে এবং লখনউ ও দেহরাদুনে NCB-র নতুন আঞ্চলিক পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।