আমুদরিয়া নিউজ: দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভের আগে মেট্রো ও রেল পরিষেবায় বিধিনিষেধ জারি নিয়ে কেন্দ্র ও প্রশাসনের পদক্ষেপে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিরাপত্তার নামে অত্যাবশ্যকীয় গণপরিবহণ পুরোপুরি বন্ধ রাখা অতিরিক্ত পদক্ষেপ হতে পারে। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা এড়িয়ে নিয়ন্ত্রিতভাবে পরিষেবা চালানোর বিষয়টি বিবেচনা করতে হবে।
১০ অক্টোবর যন্তর-মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল CJP। সেই কর্মসূচির আগে প্রথমে ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ রাখার পরিকল্পনা করা হয়। পরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সংশোধিত নির্দেশিকায় ৪৫টি স্টেশনে বিধিনিষেধের কথা জানায়। এই বিধিনিষেধ শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে বিধিনিষেধ পুনর্বিবেচনা করে নিয়ন্ত্রিতভাবে পরিষেবা চালানোর বিষয়টি বিবেচনা করতে বলেছে। পাশাপাশি, শান্তিপূর্ণ ও আইনসম্মত বিক্ষোভের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো-সহ বিকল্প স্থান চিহ্নিত করার বিষয়টিও বিবেচনা করতে নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার দিনের মধ্যে পদক্ষেপের বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।