আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে চিপ প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম (Qualcomm)। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে সংস্থার প্রায় ৩ হাজার ৬০০ কর্মী চাকরি হারাতে পারেন। যার মধ্যে ভারতে প্রায় ১ হাজার কর্মী রয়েছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি-এনসিআর ও চেন্নাইয়ে কর্মরতদের উপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে।
সংস্থার সিইও ক্রিশ্চিয়ানো আমন গত মাসে কর্মীদের বার্ষিক পর্যালোচনার পর কর্মীসংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। জানা গিয়েছে, এআই ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং খরচ কমাতেই এই সিদ্ধান্ত। আগামী বছরের জানুয়ারিতেও আরও এক দফা ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে, লে-অফস ডট এফওয়াইয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৩৫০টি প্রযুক্তি সংস্থার ১ লক্ষ ৪২ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে কোয়ালকমের তরফে এখনও কর্মী ছাঁটাই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।