দীপাবলিতে বাজি ফোটানো নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী সেনা জওয়ান

আমুদরিয়া নিউজ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য বাজি ফোটানোকে কেন্দ্র করে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে। আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জানা গেছে, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাইয়ের সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। সেই সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও মনুর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, একপর্যায়ে ধীরাজ দেশীয় পিস্তল থেকে গুলি চালালে তা সৌরভের মাথায় লাগে। অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেছেন চিকিৎসকেরা।

২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া সৌরভ বর্তমানে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। ঘটনার পর তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *