আমুদরিয়া নিউজ: মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরের সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছিলেন ভারতের মহারাষ্ট্রের প্রতীক্ষা টেন্ডলকার। সংসার চালাতে শুরু করেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিচ্ছন্নতাকর্মীর কাজ। মাসিক বেতন ছিল মাত্র ৬০-৬৫ টাকা। কিন্তু দারিদ্র্য ও প্রতিকূলতার কাছে হার মানেননি তিনি। কাজের পাশাপাশি কেরোসিনের আলোয় রাত জেগে পড়াশোনা চালিয়ে যান। দশম ও দ্বাদশ শ্রেণি পাশ করার পর মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিও অর্জন করেন। এরপর একের পর এক বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি পান।
অবশেষে ২০২২ সালের জুনে সেই স্টেট ব্যাংকেই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছন প্রতীক্ষা। এমনকী ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার স্বপ্নও পূরণ করেন তিনি। প্রতীক্ষার এই জীবনসংগ্রাম প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।