আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে শীঘ্রই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত যোজনা উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর। নতুন করে আবেদন করার প্রয়োজন নেই; জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতায় থাকা AAY, SPHH ও PHH শ্রেণির ডিজিটাল রেশন কার্ডধারীদের তথ্য যাচাই করে সরাসরি তালিকাভুক্ত করা হবে।
৯ জুন থেকে রাজ্যজুড়ে তথ্য যাচাই ও e-KYC প্রক্রিয়া শুরু হয়েছে, যা ২৫ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জালিয়াতি রুখতে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজে গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার অফিসারদের নিয়োগ করা হচ্ছে। নির্দিষ্ট SOP মেনে যাচাই, অন-স্পট e-KYC সম্পন্ন করা এবং তথ্য সরাসরি সরকারি পোর্টাল বা অ্যাপে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবে। প্রশাসনিক মহলের মতে, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।