আমুদরিয়া নিউজ : ১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে। এই সুবিধা শুধুমাত্র রাজ্যের মহিলা বাসিন্দারাই পাবেন। বাসে ওঠার সময় আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনও কেন্দ্র স্বীকৃত পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় যাচাইয়ের পর কন্ডাক্টর যাত্রীকে একটি কুপন দেবেন।
পরিবহন দফতর পরে মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ বা স্মার্ট কার্ড চালুর পরিকল্পনাও করেছে। এই কার্ড পেতে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড-সহ প্রয়োজনীয় নথি ও সাম্প্রতিক ছবি জমা দিতে হতে পারে। এসডিও বা বিডিও অফিস থেকে আবেদন করে এই কার্ড পাওয়া যাবে বলে জানা গিয়েছে। কার্ডে QR কোড থাকবে, যা দেখিয়েই ভবিষ্যতে বাসে যাতায়াত করা যাবে।