আমুদরিয়া নিউজ: পাঞ্জাবের জনপ্রিয় এলজিবিটিকিউ+ অ্যাক্টিভিস্ট, মেকআপ আর্টিস্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুর (আসল নাম মধুসূদন) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ‘সুপারি কিলিং’ বা চুক্তিভিত্তিক খুনের আশঙ্কা করছে অমৃতসর পুলিশ। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে এবং ঘটনার মূল শুটার পারমিন্দর প্রসাদকে গুজরাটের আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, আন্তর্জাতিক গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর গ্যাং এই সুপারি কিলিংয়ের পেছনে রয়েছে। গত ৩ অক্টোবর অমৃতসরের লোহরকা রোডে বাইকে আসা দুই দুষ্কৃতী সান্ধুকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।