আমুদরিয়া নিউজ: আগামী অক্টোবর থেকে অপ্রাপ্তবয়স্কদের জেন্ডার-অ্যাফার্মিং (লিঙ্গ রূপান্তর সংক্রান্ত) চিকিৎসায় কেন্দ্রীয় মেডিকেইড (Medicaid) তহবিল ব্যবহারে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ঘোষণার পর বড় পদক্ষেপ নিয়েছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। ট্রাম্প সরকারের মেডিকেইড প্রশাসক ড. মেহমেত ওজ এই চিকিৎসাকে ‘ক্ষতিকারক’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় অনুদান বন্ধের সিদ্ধান্ত নিলেও, ম্যাসাচুসেটস রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই খরচের পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে।
গভর্নর মাউরা হিলির প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় সরকার মেডিকেইডের প্রায় ৫০ শতাংশ খরচ কাটছাঁট করলেও ম্যাসাচুসেটস তাদের নিজস্ব ‘অ্যাফার্মিং হেলথ কেয়ার ট্রাস্ট ফান্ড’ থেকে এই ঘাটতি পূরণ করবে। ২০২৪ সালে ম্যাসাচুসেটস তাদের মাসহেলথ কর্মসূচির আওতায় ১৮ বছর বা তার কম বয়সীদের এই চিকিৎসার জন্য ৩৬ লক্ষ মার্কিন ডলার ব্যয় করেছে। ট্রাম্পের এই নীতিকে সাধারণ মানুষের স্বাস্থ্য ও কল্যাণের ওপর আঘাত হিসেবে বর্ণনা করে গভর্নর হিলি স্পষ্ট জানিয়েছেন যে, নিজ রাজ্যের এলজিবিটিকিউ+ (LGBTQ+) নাগরিকদের প্রয়োজনীয় মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।