আমুদরিয়া নিউজ: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় ফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠল। একাধিক ধাপের যাচাইয়ের পরেও গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছিলেন ১৬ জন অযোগ্য প্রার্থী। তাঁদের মধ্যে ৪ জন গ্রুপ সি এবং ১২ জন গ্রুপ ডি-র প্রার্থী।
কমিশন সূত্রে খবর, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে অযোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীদের তালিকায় এই ১৬ জনের নাম ছিল। এমনকী, সিবিআইয়ের তৈরি ওএমআর শিটে নম্বরের গরমিল সংক্রান্ত তালিকাতেও তাঁদের নাম পাওয়া যায়। তা সত্ত্বেও তাঁরা লিখিত পরীক্ষা দিয়ে প্রাথমিক তালিকায় জায়গা করে নেন।
শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসতেই তাঁদের ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ দেয় কমিশন। শনিবার সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এতগুলি ধাপের যাচাইয়ের পরেও কীভাবে অযোগ্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় ঢুকলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, আরও কোনও অযোগ্য প্রার্থী তালিকায় রয়েছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।