আমুদরিয়া নিউজ: ‘তুমি আমায় সময় দিচ্ছ না কেন?’—এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানোই কি বেশি পছন্দের হয়ে উঠছে নতুন প্রজন্মের? এখনকার জেন জি-র কাছে প্রেমের পাশাপাশি গুরুত্বপূর্ণ নিজের স্বাধীনতা, কেরিয়ার আর মানসিক শান্তি। তাই সম্পর্কের শুরুতেই অনেকের মনে প্রশ্ন, প্রেম করব ঠিক আছে, কিন্তু নিজের স্বাধীনতার কী হবে?
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতের ১৮ থেকে ৪৫ বছর বয়সি সিঙ্গলদের মধ্যে ৭২ শতাংশই অনেকের সঙ্গে পরিচয়ের বদলে অল্প কয়েকজনের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে আগ্রহী। অন্যদিকে, ৬৪ শতাংশ কাজ ও পড়াশোনাকে বেশি গুরুত্ব দেন। তবে মজার বিষয়, একা থাকতে পছন্দ করলেও ৩৫ শতাংশের মধ্যে একাকিত্বের অনুভূতি রয়েছে।
অর্থাৎ, জেন জি প্রেমের বিরুদ্ধে নয়, বরং ভুল সম্পর্কে জড়ানোর ঝুঁকি নিতে নারাজ। কারও জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়ার চেয়ে একা থাকাকেই তাঁরা বেশি নিরাপদ মনে করছেন। তাহলে কি সম্পর্কের দায়বদ্ধতা থেকে পালাচ্ছে নতুন প্রজন্ম, নাকি নিজেদের ভালো রাখার নতুন উপায় খুঁজছে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে!