আমুদরিয়া নিউজ: আজ ৬ অক্টোবর ২০২৬, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, টস ৬টা ৩০ মিনিটে।
এশিয়ান গেমসে সোনা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ভারত। টি-২০ সিরিজে ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা। দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহদের মতো ক্রিকেটাররা।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে রয়েছেন শাই হোপ। দলে শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের মতো অভিজ্ঞ টি-২০ ক্রিকেটাররাও রয়েছেন। ফলে লখনউতে সিরিজের প্রথম ম্যাচেই দুই দলের শক্তিশালী ব্যাটিংয়ের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
পাঁচ ম্যাচের সিরিজের পরের ম্যাচগুলি হবে ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে।