আমুদরিয়া নিউজ: দেশের শেয়ারবাজারে আসতে চলেছে বড় এক কর্পোরেট ঘটনা। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন Jio Platforms আগামী ২১ অক্টোবর IPO আনতে পারে। সংস্থাটি এই শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৩৭,৭০০ কোটি টাকা বা ৩.৮ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। সফল হলে এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় IPO হতে পারে।
প্রস্তাবিত IPO-টি ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলতে পারে এবং ২৮ অক্টোবর শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে এখনও চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এই IPO-র মাধ্যমে তোলা অর্থের একটি বড় অংশ, প্রায় ২৭,৫০০ কোটি টাকা, Reliance Jio Infocomm-এর ঋণ পরিশোধে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। বাকি অর্থ ব্যবহার করা হবে সাধারণ কর্পোরেট কাজে।
Jio Platforms শুধু টেলিকম ব্যবসাতেই সীমাবদ্ধ নয়। AI, ক্লাউড, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিষেবাও তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। সংস্থাটির বড় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে Meta ও Google-ও রয়েছে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, দুর্গাপুজোর আবহেই ভারতের কর্পোরেট দুনিয়ায় তৈরি হতে পারে এক নতুন রেকর্ডের মঞ্চ।