আমুদরিয়া নিউজ: অফ-সিজনে প্রস্তুতি ছাড়া মাউন্ট ফুজি আরোহন ও বিপজ্জনক উদ্ধারকাজ রুখতে কঠোর হচ্ছে জাপানের ইয়ামানাশি প্রশাসন। আগামী বছর থেকে অফ-সিজনে (সেপ্টেম্বর থেকে জুলাই) পাহাড়ে আটকে পড়া পর্বতারোহীদের হেলিকপ্টারে উদ্ধার করা হলে, তার সম্পূর্ণ খরচ নিজেদের পকেট থেকেই দিতে হবে।
পার্শ্ববর্তী সাইতামা প্রিফেকচারের প্রতি ৫ মিনিটে ৮,০০০ ইয়েনের ফি-কে মডেল হিসেবে দেখছে প্রশাসন। পাশাপাশি শীতকালীন ও অফ-সিজন আরোহনের জন্য এখন থেকে জমা দিতে হবে বিস্তারিত রুট প্ল্যান।
অন্যদিকে, দক্ষিণ অংশ নিয়ন্ত্রণকারী শিজুওকা প্রশাসন রেজিস্ট্রেশন ছাড়া ট্র্যাকিংয়ের জন্য জরিমানার ঘোষণা দিলেও কপ্টার ফি রাখেনি। মূলত জুলাই থেকে সেপ্টেম্বরের মূল মরশুমের বাইরে আবহাওয়া চরম বৈরী থাকে এবং শৌচাগার ও মাউন্টেন হাটগুলো বন্ধ থাকে। বেপরোয়া ট্র্যাকারদের সতর্ক করতেই এই পদক্ষেপ।