আমুদরিয়া নিউজ: শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের ওপর বৈষম্যের অভিযোগে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জাতিগত বৈষম্য প্রচার, সহিংসতায় উসকানি এবং ক্ষতিপূরণ ছাড়া জমি বাজেয়াপ্ত করার সঙ্গে জড়িতদের লক্ষ্য করেই এই পদক্ষেপ।
ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর আগে ট্রাম্প প্রশাসন আফ্রিকানদের জন্য শরণার্থী মর্যাদা ঘোষণা এবং সাহায্য কমানোর সিদ্ধান্ত নেয়।
তবে প্রিটোরিয়া এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ আফ্রিকা সরকারের দাবি, শ্বেতাঙ্গ গণহত্যার তত্ত্বটি ভিত্তিহীন এবং দেশটির অপরাধের পরিসংখ্যানও এমন কোনো বৈষম্য প্রমাণ করে না। জমি অধিগ্রহণ আইনের বিষয়ে তারা জানায়, আদালতের নিয়ম মেনেই সব করা হচ্ছে।