আমুদরিয়া নিউজ: সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রতারণার জাল তৈরি করছে সাইবার অপরাধীরা। জন্মদিন, পরিবারের সদস্যদের নাম, সন্তানের স্কুল কিংবা কর্মক্ষেত্রের তথ্য সংগ্রহ করে তারা পরিচিত ব্যক্তির পরিচয়ে টাকা চাইতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করেও প্রতারণা করা সম্ভব। পরিবারের সদস্যের বিপদের কথা বলে টাকা চাওয়া কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে কর্মীদের টাকা পাঠানোর নির্দেশ দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
প্রতারণা থেকে বাঁচতে করণীয়
১. সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ সীমিত রাখুন।
২. পরিচিত কেউ জরুরি ভিত্তিতে টাকা চাইলে অন্য মাধ্যমে তাঁর পরিচয় যাচাই করুন।
৩. প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং দুই ধাপে পরিচয় যাচাই চালু রাখুন।
৪. অফিসের আর্থিক লেনদেনের নির্দেশ পাওয়ার পর তা নিশ্চিত হয়ে নিন।
৫. দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হলে সতর্ক থাকুন।
পরিচিত কণ্ঠস্বর বা ব্যক্তিগত তথ্য জানা থাকলেই কাউকে বিশ্বাস করবেন না। পরিচয় নিশ্চিত না করে টাকা পাঠাবেন না বা গোপন তথ্য জানাবেন না।