আমুদরিয়া নিউজ: এইচআইভি-এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে গত ১৯ বছর ধরে সাইকেলে বিশ্বভ্রমণ করছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সোমেন দেবনাথ। ২০০৪ সালের ২৭ মে শুরু হওয়া তাঁর এই অভিযাত্রায় ইতিমধ্যে ১৯১টি দেশ ঘুরে ২ লাখ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি।
সোমেন জানান, আন্তর্জাতিক অভিযান শুরুর আগে ভারতের ২৮টি রাজ্য ও পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করেন তিনি। পরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশ ঘুরেছেন।
তবে এই দীর্ঘ যাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। করোনাভাইরাস মহামারির সময় চীনে আটকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর ফের শুরু করেন অভিযান।
মাত্র ১৪ বছর বয়স থেকে এইচআইভি-এইডস সচেতনতা নিয়ে কাজ করছেন সোমেন। তাঁর বিশ্বভ্রমণের অন্যতম লক্ষ্য রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভারতীয় সংস্কৃতির পরিচয় বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া।
স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ভ্রমণকারী বিমল মুখার্জির লেখা ‘দো চাক্কা দুনিয়া’ বই তাঁকে বিশ্বভ্রমণে অনুপ্রাণিত করেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৭০-৮০ কিলোমিটার সাইকেল চালান তিনি।