আমুদরিয়া নিউজ: ভারতীয় সিনেমার সেন্সরশিপ ব্যবস্থায় বড় পরিবর্তন। ৩৫ বছর পর কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র পর্ষদ (সিবিএফসি)-এর ছবি ছাড়পত্র দেওয়ার নির্দেশিকা সংশোধন করল কেন্দ্র। নতুন নিয়মে মাদক সেবন, ধূমপান, যৌন হিংসা, নারী ও শিশুর উপস্থাপনা, ধর্মীয় সংবেদনশীলতা এবং অশ্লীল সংলাপের ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়েছে। অপরাধ বা হিংসাকে মহিমান্বিত করা এবং মাদক সেবনকে উৎসাহিত করে, এমন দৃশ্যও রাখা যাবে না।
পাশাপাশি, ছবির নামকরণও নতুন নির্দেশিকার আওতায় আনা হয়েছে। উস্কানিমূলক বা আপত্তিকর শিরোনাম নিয়ে আপত্তি জানাতে পারবে পর্ষদ। U/A 7+, U/A 13+ এবং U/A 16+ বয়সভিত্তিক শংসাপত্রের শ্রেণিবিভাগ বহাল থাকছে। তবে কোনও ছবিকে বিচার করার সময় বিচ্ছিন্ন দৃশ্যের পাশাপাশি তার সামগ্রিক কাহিনি ও প্রেক্ষাপটকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সৃজনশীল স্বাধীনতা বজায় রেখে দায়িত্বশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়াই নতুন নির্দেশিকার লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্র।