আমুদরিয়া নিউজ: শিলিগুড়ি জংশন স্টেশনে অভিযান চালিয়ে ৬০ বোতল বিয়ার উদ্ধার করল জিআরপি। সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের বিয়ার বোতল সহ গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশাল কুমার ও গৌতম রায়। বিশাল কুমার বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জের বাসিন্দা এবং গৌতম রায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় বাসিন্দা। সোমবার রাতে ৩ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুই ব্যক্তিকে। আটক করে তল্লাশি চালাতেই তাঁদের স্কুল ব্যাগ ও ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৬০টি বিয়ার বোতল। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই পাচারের নেপথ্যে আর কেউ রয়েছে কি না, মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল—সবদিক খতিয়ে দেখছে জিআরপি।