আমুদরিয়া নিউজ: ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ময়দান চত্বরে ঘোড়ার গাড়িতে চড়ার পরিচিত দৃশ্য কি এবার বদলাতে চলেছে? শহরের ঐতিহ্যবাহী ঘোড়ায় টানা গাড়ির পরিবর্তে ব্যাটারিচালিত গাড়ি চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতার পর্যটনে আসতে পারে এক নতুন অধ্যায়।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, ঘোড়ার গাড়ির পরিবর্তে ব্যাটারিচালিত গাড়ি চালুর পরিকল্পনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে পাঁচটি ব্যাটারিচালিত গাড়ি চালানোর প্রস্তাব রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গাড়িগুলির পরিচালনব্যবস্থা, খরচ এবং আর্থিকভাবে কতটা লাভজনক হবে, তা খতিয়ে দেখা হবে।
দীর্ঘদিন ধরেই ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি। তবে এই গাড়ি টানতে গিয়ে ঘোড়াদের শারীরিক কষ্ট এবং তাদের যথাযথ পরিচর্যা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই কারণেই ঘোড়ার পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প চালুর দাবি জোরালো হয়েছে।