পরকীয়া সম্পর্কের আড়ালে ৭৫০ কোটি ডলারের চিপ পাচার! বিতর্কে এনভিডিয়া সিইও, শুরু স্বাধীন তদন্ত

আমুদরিয়া নিউজ: চিনা গুপ্তচর সন্দেহে থাকা এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই সূত্রে চিনে বিপুল অঙ্কের নিষিদ্ধ এআই চিপ পাচারের অভিযোগে বিতর্কে জড়ালেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর দাবি, অ্যালিস হুয়াং নামে এক চিনা মহিলার সঙ্গে তাঁর সম্পর্ককে কাজে লাগিয়ে চিনে পৌঁছেছে প্রায় ৭৫০ কোটি ডলার মূল্যের ২ লক্ষ ৪০ হাজার এনভিডিয়া এইচ১০০ ও এইচ২০০ চিপ।

এই অভিযোগের জেরে এবার হুয়াংয়ের বিরুদ্ধে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নিউ ইয়র্কের আইনজীবী সংস্থা ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। নেতৃত্বে রয়েছেন আইনজীবী জুন এইচ কিম।

অভিযোগ, অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থা এমএসএসের যোগ রয়েছে এবং একাধিক সংস্থার মাধ্যমে নিষিদ্ধ চিপ কেনা ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। তবে চিপ পাচার বা গুপ্তচরবৃত্তির অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

এনভিডিয়ার দাবি, তদন্তে সহযোগিতা করতে রাজি হয়েছেন জেনসেন হুয়াং। পাশাপাশি এখনও পর্যন্ত আমেরিকার জাতীয় নিরাপত্তা বা সংস্থার গোপন প্রযুক্তিগত তথ্যের ক্ষতির কোনও প্রমাণ মেলেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *