৮৬ বছর পর প্রকৃতিতে ফিরল বিরল ঘাসফড়িং,

আমুদরিয়া নিউজ: দীর্ঘ ৮৬ বছরের অপেক্ষার অবসান! ইংল্যান্ডের নরফোকের জলাভূমিতে ১৯৩৯ সালের পর প্রথমবারের মতো প্রাকৃতিক পরিবেশে ডিম ফুটে জন্ম নিল বিরল ‘লার্জ মার্শ গ্রাসহপার’। বিপন্ন এই পতঙ্গের প্রত্যাবর্তনকে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটেনের অন্যতম বৃহৎ ঘাসফড়িং প্রজাতি এই লার্জ মার্শ গ্রাসহপার। জলাভূমির পরিবেশ নষ্ট হওয়া, জমির ব্যবহার পরিবর্তন এবং প্রাকৃতিক আবাসস্থল খণ্ডিত হয়ে পড়ার কারণে নরফোক অঞ্চল থেকে একসময় হারিয়ে গিয়েছিল এই পতঙ্গ। দীর্ঘদিন ধরে প্রজাতিটির সংখ্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সংরক্ষণকর্মীরা।

এই উদ্যোগের নাম ‘হপ অফ হোপ’। সংরক্ষণ সংস্থা সিটিজেন জু-র নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা বিশেষ পদ্ধতিতে ঘাসফড়িংয়ের ডিম ও বাচ্চাদের বড় করে তোলেন। এরপর উপযুক্ত পরিবেশ তৈরি করে নরফোকের বিভিন্ন জলাভূমিতে তাদের ছেড়ে দেওয়া হয়। এই কাজে সহযোগিতা করেছে ন্যাচারাল ইংল্যান্ড এবং নরফোক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট-সহ একাধিক সংস্থা।

২০২৫ সালের আগস্টে ব্রিটেনের সরকারি সংস্থা ন্যাচারাল ইংল্যান্ড জানিয়েছিল, নরফোক ব্রডস অঞ্চলে ১৯৩৯ সালের পর প্রথমবার বন্য পরিবেশে এই ঘাসফড়িংয়ের ডিম ফুটেছে। প্রকল্পের মাধ্যমে শুধু পতঙ্গগুলিকে ফিরিয়ে আনাই নয়, প্রকৃতিতে তাদের বংশবৃদ্ধি এবং স্থায়ী জনসংখ্যা গড়ে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *