আমুদরিয়া নিউজ: ভারতের নানা ভাষার সাহিত্যকে ভাষার সীমানা পেরিয়ে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিতে শুরু হল নতুন সাহিত্য উদ্যোগ ‘হাইফেন’। অনুবাদের মাধ্যমে ভারতীয় ভাষার সাহিত্যকে এক মঞ্চে আনার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ।
বেঙ্গালুরু থেকে শুরু হওয়া ‘হাইফেন’ পরিচালিত হচ্ছে বাহুবচন ট্রাস্টের উদ্যোগে। বিশিষ্ট কন্নড় সাহিত্যিক বিবেক শানভাগ এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রকাশক। সম্পাদনার দায়িত্বে রয়েছেন লেখক, অনুবাদক ও সম্পাদক দীপা গণেশ।
‘হাইফেন’-এর মূল লক্ষ্য ভারতের বিভিন্ন ভাষায় লেখা সাহিত্যকে ইংরেজি অনুবাদের মাধ্যমে দেশের পাশাপাশি বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দেওয়া। এর প্রথম সংখ্যায় সাতটি ভারতীয় ভাষার সাহিত্য স্থান পেয়েছে। সেখানে রয়েছেন ১৭ জন লেখক ও ১১ জন অনুবাদক। প্রথম সংখ্যায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মারাঠি সাহিত্যকে।
এই উদ্যোগের তিনটি প্রধান দিক রয়েছে—মুদ্রিত ও ডিজিটাল সাহিত্যপত্রিকা, ‘হাইফেন পাবলিকেশনস’ নামে প্রকাশনা বিভাগ এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। অনুবাদ, সাহিত্যচর্চা, লেখক-পাঠকের সংযোগ এবং বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যকে বিস্তৃত পরিসরে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।
চলতি বছরের জুলাই মাসে ‘Hyphen: Connecting Literatures’-এর প্রথম মুদ্রিত সংখ্যা প্রকাশিত হয়। আর ৯ সেপ্টেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে এই উদ্যোগের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভারতীয় ভাষার সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আয়োজকদের কথায়, ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, প্রতিটি ভাষার সঙ্গে জড়িয়ে থাকে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও জীবনবোধ। সেই বৈচিত্র্যময় সাহিত্যজগতকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘হাইফেন’-এর এই নতুন পথচলা।