আমুদরিয়া নিউজ: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ জেজু-তে নিখোঁজ চার ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর স্থানীয় পুলিশের চরম গাফিলতি ও জালিয়াতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এই ঘটনায় তীব্র জনরোষের মুখে বু ছদ্মনামের এক পুলিশ সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিখোঁজ ব্যক্তিদের খোঁজ না করেই পরিবারের কাছে মিথ্যা তথ্য দিয়ে অকালেই ফাইল বন্ধ করে দিতেন। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে ম্যূং পুলিশ বাহিনীতে আমূল সংস্কারের নির্দেশ দিয়েছেন।গত মে মাস থেকে নিখোঁজ ৩৭ বছর বয়সী জাং মি-রানের মৃতদেহ তাঁর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি পাম গাছের খামার থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ওই পুলিশ কর্মকর্তা মি-রানের বয়ফ্রেন্ডকে মিথ্যা বলেছিলেন যে, মি-রানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে এবং তিনি যোগাযোগ রাখতে চান না। একইভাবে, গত জুন থেকে নিখোঁজ এক ষাটোর্ধ্ব ব্যক্তির মৃতদেহ ৫১ দিন পর উদ্ধার করা হয়, অথচ পুলিশ তাঁর পরিবারকে আশ্বস্ত করেছিল যে তিনি নিরাপদে আছেন। পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।