আমুদরিয়া নিউজ: সপ্তাহজুড়ে কম ঘুমানোর পর ছুটির দিনে বেশি ঘুমানো বা ‘ক্যাচ-আপ স্লিপ’ শরীরের ক্ষতি পূরণে আংশিক সাহায্য করতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাত্র এক রাতের ২ ঘণ্টার অতিরিক্ত ঘুম কম ঘুমের কারণে হওয়া শারীরিক ক্লান্তি ও ধকল অনেকটাই দূর করতে সক্ষম। এছাড়া দীর্ঘদিনের কম ঘুমের ক্ষতি কাটাতে টানা কয়েক রাত বেশি ঘুমালে রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
তবে গবেষকেরা ছুটির দিনে অতিরিক্ত ঘুমানোর ব্যাপারে সতর্ক করেছেন। বেশি সময় ঘুমালে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ এবং ঘুমের স্বাভাবিক চাপ (স্লিপ হোমওস্ট্যাট) ওলটপালট হয়ে যায়। এর ফলে রবিবারের অতিরিক্ত ঘুম সোমবারের স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট করে দেয়, যা প্রতি সপ্তাহে এক ধরনের কৃত্রিম ‘টাইম জোন শিফটিং’-এর মতো পরিস্থিতি তৈরি করে শরীরকে আরও ক্লান্ত করে তোলে।