আমুদরিয়া নিউজ: নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জে একটি ঘুমন্ত মেরু ভাল্লুককে জাহাজের তীক্ষ্ণ ‘ফগহর্ন’ বাজিয়ে ঘুম থেকে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০,০০০ ক্রোনার (প্রায় ৩,৮৯০ পাউন্ড) জরিমানা করা হয়েছে। স্বালবার্ডের গভর্নরের কার্যালয় গত বৃহস্পতিবার এই জরিমানার কথা নিশ্চিত করেছে।উত্তর মেরু থেকে মাত্র ১,০০০ কিলোমিটার দূরে স্বালবার্ডের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি ফিয়র্ডে (Fjord) এই ঘটনা ঘটে। একটি জাহাজে থাকা পর্যটকরা ডাঙায় একটি মেরু ভাল্লুককে ঘুমাতে দেখে সেটিকে জাগানোর জন্য জাহাজের উচ্চশব্দের ফগহর্নটি বাজায়। শব্দের চোটে ভাল্লুকটি জেগে ওঠে এবং স্থান পরিবর্তন করতে বাধ্য হয়।
স্বালবার্ডের স্থানীয় আইন অনুযায়ী, যেকোনো মেরু ভাল্লুককে অকারণে বিরক্ত করা, আকর্ষণ করা বা তাড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। ১৯৭২ সাল থেকেই এই অঞ্চলে মেরু ভাল্লুককে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। দোষী সাব্যস্ত হওয়া ওই ব্যক্তি জরিমানা দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।