আমুদরিয়া নিউজ: ভারত-ভুটান বন্ধুত্বের এক বিশেষ নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসর্গ করা হল একটি পবিত্র বৌদ্ধ স্তূপ। ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে একদিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণ ও প্রতিষ্ঠার বিশেষ কর্মসূচি নেওয়া হয়। প্রতিটি স্তূপের উচ্চতা প্রায় ১৫ মিটার। এই প্রকল্পের পরিকল্পনা করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। প্রায় ৪০ হাজার স্বেচ্ছাসেবক, সন্ন্যাসী ও কারিগরের অংশগ্রহণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১০৮টি স্তূপ নির্মাণ সম্পন্ন হয়।
এর মধ্যে ৭৬ নম্বর স্তূপটি ভারত-ভুটান সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী মোদির অবদান ও সমর্থনের স্বীকৃতিস্বরূপ তাঁকে উৎসর্গ করেন ভুটানের রাজা। অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি ভুটানের রাজার এই উদ্যোগকে ভারতের কাছে বিশেষ সম্মান বলে উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়।