আমুদরিয়া নিউজ : হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বাঁকুড়ার তৃণমূল নেতা ডাইজান আলি মণ্ডলকে গ্রেপ্তার করেছে ওন্দা থানার পুলিশ। ধৃত ব্যক্তি চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য।
অভিযোগ, হাসপাতালের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পরও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযোগকারীদের দাবি, নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এরপর কয়েকজন চাকরিপ্রার্থী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, কত টাকা লেনদেন হয়েছে এবং কতজন প্রতারিত হয়েছেন—তা খতিয়ে দেখছে পুলিশ।