আমুদরিয়া নিউজ : রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালে বেড খালি না থাকলে রোগীদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ জন্য বেসরকারি হাসপাতালগুলিকে তাদের মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হতে পারে।
এই পরিষেবা পেতে কোনও বিশেষ স্বাস্থ্য প্রকল্পের কার্ড লাগবে না; আধার কার্ড দেখালেই রোগী সুবিধা পাবেন। সরকারের মতে, সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে, কিন্তু পরিকাঠামো সেই হারে বৃদ্ধি পায়নি। ফলে অনেক রোগী ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রকল্পটি চালু করতে কিছু প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন। সাধারণ মানুষের সুবিধার্থে একটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হবে এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার অভিযানও শুরু হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালের বেড-সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।