আমুদরিয়া নিউজ : রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার থেকেই ফর্ম বিতরণ ও পূরণ শুরু হয়েছে। আবেদনকারীরা অনলাইন পোর্টাল বা অফলাইন ফর্ম— দুইভাবেই আবেদন করতে পারবেন। সরকার দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে, কারণ আগে আবেদন করলে আগে স্ক্রুটিনি ও টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, ফর্ম জমা পড়ার সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। যতদিন না এই টাকা মিলছে, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পও চালু থাকবে।
১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ পোর্টাল চালু হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, পেনশনভোগী, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, আয়করদাতা, শিক্ষক-অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মৃত ব্যক্তি, ভোটার তালিকা থেকে বাদ পড়া বা অনুপস্থিত ভোটার হিসেবেও চিহ্নিত ব্যক্তিদের আবেদন বাতিল হবে। সরকার জানিয়েছে, কঠোর যাচাইয়ের পরই প্রকৃত যোগ্যদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা দেওয়া হবে।