আমুদরিয়া নিউজ : পুরোনো মালদহের নেতাজিপল্লিতে ২৪ বছরের ফুড ডেলিভারি কর্মী পূজা পালের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। পরিবার জানায়, ঋণ নিয়ে কেনা স্কুটিতে চেপে তিনি সংসারের হাল ধরেছিলেন। অসুস্থ বাবা-মা ও পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন শহরজুড়ে খাবার পৌঁছে দিতেন। কিন্তু কাজের তীব্র চাপ, সময়সীমার চাপ এবং গ্রাহকদের অপমানজনক আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং কাজ থেকেও বিরতি নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মোবাইলের কল লিস্ট ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অ্যাপ-ভিত্তিক কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।