চোখের জলে বীর সন্তানকে বিদায় জানাল দুর্গাপুর

আমুদরিয়া নিউজ : দেশের সুরক্ষার অঙ্গীকার নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের তরুণ অজয় জয়সওয়াল। কিন্তু কর্তব্যের পথেই থেমে গেল তাঁর জীবনের পথচলা। জম্মুতে সেনার প্রশিক্ষণ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় শহিদ হন তিনি। শুক্রবার সকালে যখন তাঁর নিথর দেহ মামরা বাজারের বিদ্যাসাগরপল্লীর বাড়িতে পৌঁছায়, তখন শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন, প্রতিবেশী থেকে শুরু করে এলাকাবাসী। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দুর্গাপুর- শিল্পাঞ্চল।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, জম্মুতে বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া (Firing Exercise) চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন জওয়ান অজয় জয়সওয়াল। তাতেই প্রাণ হারান তিনি। অবিবাহিত এই জওয়ানের অকাল প্রয়াণে দুর্গাপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেলে বিমানে করে তাঁর মরদেহ দুর্গাপুর বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং রাতে রাখা হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে।

শুক্রবার সকালে পূর্ণ সামরিক মর্যাদায় শহীদের দেহ তাঁর মামড়া বাজারের বাড়িতে আনা হলে ভিড় জমান কয়েক হাজার মানুষ। বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দুর্গাপুরের মহকুমা শাসক (SDO) সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোণার প্রমুখ।

প্রশাসনিক আধিকারিকরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *