আমুদরিয়া নিউজ : ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সোমবার শুনানিতে বিষয়টি ওঠে। রাজ্যের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বিরক্তি প্রকাশ করেন। তিনি স্পষ্ট বলেন, বিচারবিভাগীয় আধিকারিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং নির্দেশ অমান্য করলে জরিমানাও হতে পারে।
শুনানিতে জানানো হয়, এখনও প্রায় ৫৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি, যদিও ইতিমধ্যেই ১০ লক্ষ ১৬ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ৫০০-র বেশি এবং ওড়িশা-ঝাড়খণ্ড থেকে প্রায় ২০০ বিচারবিভাগীয় আধিকারিক এই যাচাইয়ের কাজে যুক্ত।
আদালত আরও নির্দেশ দিয়েছে, বিচারবিভাগীয় কাজের স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে সব প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন প্রধান বিচারপতি সুজয় পালই।