আমুদরিয়া নিউজ : মালদহের চাঁচল বিধানসভায় ভোটের আগে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বরুই এলাকায় টহল চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিপ্লব দাস নামে এক যুবকের বাইক আটকায়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। টাকার উৎসের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত বিপ্লব দাস বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে। যদিও এ বিষয়ে প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির দাবি, তিনি পেশায় ব্যবসায়ী এবং দলের সঙ্গে সরাসরি যুক্ত নন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।