আমুদরিয়া নিউজ: আদালতের নকল সিলমোহর ও বিচারপতির জাল স্বাক্ষর ব্যবহার করে কেন্দ্রীয় টেলিকম দফতরকে বিভ্রান্ত করার অভিযোগ। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে দুটি ভুয়ো নির্দেশ পাঠিয়ে মোট ১২৯টি ওয়েবসাইট বন্ধ করানো হয়েছে। এর অধিকাংশই অনলাইন বেটিং ও জুয়ার সঙ্গে যুক্ত।
প্রথম নির্দেশে রাজস্থান হাইকোর্টের নামে ৩৪টি এবং দ্বিতীয় নির্দেশে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি গরিমা প্রসাদের নাম ব্যবহার করে ৯৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে দুটি নির্দেশই ভুয়ো বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালত।
ঘটনায় ৬ নভেম্বর প্রয়াগরাজে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইমেল ও আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। আদালতের পরিচয় নকল করে সরকারি দফতরকে বিভ্রান্ত করার ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।