আমুদরিয়া নিউজ: দুর্গাপুজো, দশেরা ও দীপাবলির উৎসবের মরশুমে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে ১০২টি স্পেশাল ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই বিশেষ ট্রেনগুলির জন্য আজ, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বুকিং। টিকিট কাটা যাবে আইআরসিটিসি-র ওয়েবসাইট, কম্পিউটারাইজড রেল সংরক্ষণ কেন্দ্র এবং RailOne অ্যাপের মাধ্যমে।
এই বিশেষ পরিষেবাগুলির মাধ্যমে মুম্বই, চেন্নাই, লাতুর, কোলহাপুর, কালাবুরাগী-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ বাড়ানো হবে। এর মধ্যে মুম্বই–চেন্নাই সাপ্তাহিক স্পেশাল, মুম্বই–লাতুর দ্বি-সাপ্তাহিক স্পেশাল এবং কোলহাপুর–কালাবুরাগী রুটের বিশেষ ট্রেন রয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, কোলহাপুর–কালাবুরাগী রুটেই সবচেয়ে বেশি পরিষেবা দেওয়া হবে। এই রুটে মোট ৬৪টি ট্রিপ চলবে। পাশাপাশি উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন রুটে অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
রেলের তরফে যাত্রীদের আগেভাগে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেনের সময়সূচি ও স্টপেজের সর্বশেষ তথ্যের জন্য NTES বা RailOne অ্যাপ দেখে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।