আমুদরিয়া নিউজ: ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির গ্রিন কার্ড প্রক্রিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। ভ্যান্সের মন্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর’ বলে উল্লেখ করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
মার্কিন প্রশাসন টিসিএস, ইনফোসিস, উইপ্রো-সহ আটটি বড় প্রযুক্তি সংস্থাকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের গুরুত্বপূর্ণ ধাপ পিইআরএম প্রক্রিয়া থেকে সাময়িকভাবে স্থগিত করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলে মন্তব্য করেছিলেন জেডি ভ্যান্স। এর প্রতিবাদে ভারত জানিয়েছে, দক্ষ ভারতীয় পেশাদারেরা দীর্ঘদিন ধরে মার্কিন অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তবে এই স্থগিতাদেশের ফলে বর্তমানে বৈধ এইচ-১বি ভিসাধারী ও তাঁদের পরিবারের বৈধ অবস্থান সরাসরি প্রভাবিত হচ্ছে না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।