আমুদরিয়া নিউজ: IPL উন্মাদনার মাঝেই শ্রীলঙ্কার ক্রিকেটে নেমে এল বড়সড় বিতর্কের ঝড়। কলম্বোর নারাহেনপিতার একটি হোটেলে মহিলাদের স্নানের ভিডিও গোপনে মোবাইলে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় পড়েছে সে দেশের ক্রিকেটমহলে। হোটেলে দলের অবস্থানকালীন এই কাণ্ড সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়, যদিও অভিযুক্ত দুই খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ্যে আনেনি কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই তরুণ ক্রিকেটার দলের সঙ্গেই ওই হোটেলে ছিলেন। সেই সময় হোটেলে থাকা কয়েকজন মহিলা অভিযোগ করেন, মোবাইল ফোনে তাঁদের বাথরুমের ব্যক্তিগত মুহূর্ত গোপনে রেকর্ড করা হয়েছে। অভিযোগ পেয়েই দ্রুত নড়েচড়ে বসে নারাহেনপিতা পুলিশ এবং তৎক্ষণাৎ দুই খেলোয়াড়কে আটক করে।